নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে ঢাকায় গেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ৩৪৪ জন নেতা। এসব নেতাদের সাথে ঢাকায় নিজের সরকারি বাসভবন গণভবনে আজ শনিবার বৈঠক করবেন শেখ হাসিনা। আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ডাকে সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৭০ জন নেতা ঢাকায় গেছেন। এসব নেতাদের নেতৃত্বে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া সিলেটের ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে যোগ দিচ্ছেন।
সূত্র জানায়, যেসব ইউনিটে আওয়ামী লীগের আহবায়ক কমিটি রয়েছে, সেসব ইউনিটের আহবায়ক ও যুগ্ম আহবায়করা বৈঠকে থাকছেন। এছাড়া সিলেটের বিভিন্ন ইউনিয়নে আওয়ামীপন্থি চেয়ারম্যানরাও ঢাকার ওই বৈঠকে যোগ দিচ্ছেন। এদিকে, সিলেট মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৭০ জন নেতা শেখ হাসিনার ডাকে ওই বৈঠকে উপস্থিত থাকছেন। এসব নেতাদের নেতৃত্বে আছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৭টি ওয়ার্ড ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে উপস্থিত থাকছেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনে সরকারদলীয় যতো কাউন্সিলর ছিলেন, তারাও থাকছেন বৈঠকে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডেকেছেন। এ বৈঠকের মাধ্যমে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমে আসবে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিলেটভিউকে বলেন, ‘মহানগর আওয়ামী লীগ থেকে ৭০ জন নেতা জননেত্রী শেখ হাসিনার বৈঠকে উপস্থিত থাকছেন।’
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিশেষ বার্তা দেবেন শেখ হাসিনা। সেই বার্তায় থাকবে, বিগত বছরগুলোতে সরকারের উন্নয়নের কথা ব্যাপকভাবে প্রচার করা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, দলকে আরো সুসংগঠিত করা এবং দলের মনোনীত প্রার্থীর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রভৃতি। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাদের আসন্ন সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে জোরেশোরে কাজ করার নির্দেশনা দেবেন আওয়ামী লীগের দলীয় প্রধান।
জানা গেছে, আজ শনিবার বিকেলে বা সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তৃণমূল নেতাদের নিয়ে এই বৈঠক করবেন। আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে গণভবনে শেখ হাসিনার বৈঠক এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
জানতে চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘এই বৈঠকে আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন মাননীয় সভানেত্রী। সে নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিও থাকবে বলে আমরা মনে করছি।’

0 Comments: